ফাইল ছবি
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ফ্লাইওভারের ওপর থেকে ছোঁড়া এই ককটেল বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য সামান্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর আসে। সেখান থেকেই তারা থানার প্রাঙ্গণ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে থানার গেটের ভেতরে দায়িত্ব পালনরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে স্প্লিন্টার বা ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মূলত আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএইচ