ঢাবিতে ককটেল বিস্ফোরণ, হাতেনাতে আটক ২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ০৭:৫৭ পিএম
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, হাতেনাতে আটক ২

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি এলাকায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মেট্রোরেল-সংলগ্ন এলাকা থেকে ওই দুজনকে আটক করেন উপস্থিত লোকজন ও শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের মারধর করে। তবে ককটেল বিস্ফোরণের এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আটক দুজনের বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং গণমাধ্যমকে বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাঁদের প্রক্টর অফিসে আনা হয়েছে এবং ইতিমধ্যে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসএইচ 

Link copied!