কোরবানির সম্ভাব্য তারিখ জানাল মধ্যপ্রাচ্য, কবে বাংলাদেশে?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৮:৩২ পিএম
কোরবানির সম্ভাব্য তারিখ জানাল মধ্যপ্রাচ্য, কবে বাংলাদেশে?

ছবি : সংগৃহীত

ঢাকা: আর মাত্র কয়েক সপ্তাহ পরেই সারাবিশ্বে পালিত হবে ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন চাঁদ দেখার সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় উৎসবের প্রস্তুতিতে লেগেছে নতুন হাওয়া।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা বলছে, মে মাসের শেষ সপ্তাহেই মক্কার মরুপ্রান্তর থেকে বাংলার সবুজ প্রান্তর–সবখানে ধ্বনিত হতে পারে ঈদের আনন্দবার্তা। মধ্যপ্রাচ্যে ২৭ মে সম্ভাব্য ঈদের তারিখ ঘোষণা হওয়ায় এখন বাংলাদেশেও শুরু হয়েছে হিসাব-নিকাশ।
 
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী জিলহজ মাসের সূচনাসূচক চাঁদটি আগামী ১৭ মে (রোববার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে দেখা যেতে পারে।

আল জারওয়ান আরও জানান, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি উপরে অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই হিসাবে আগামী ১৮ মে সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

যদি ১৮ মে জিলহজ মাস শুরু হয়, তবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ হজের মূল আনুষ্ঠানিকতা ‘আরাফা দিবস’ পড়বে ২৬ মে (মঙ্গলবার)। এর পরের দিন ২৭ মে (বুধবার) সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

বাংলাদেশে কবে?
ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই নিয়ম অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। তবে এটি পুরোপুরি নির্ভর করছে আগামী ১৮ মে বা ২৯ জিলকদ বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ওপর।

পিএস

Link copied!