সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৯, ২০২৬, ০৯:৩৩ এএম
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

ছবি : সংগৃহীত

ঢাকা: নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ।

জয় পেতে লাল-সবুজের মেয়েদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। এক পর্যায়ে ২-২ সমতায় ফিরিয়ে ম্যাচে দারুণ উত্তেজনা ছড়ায় মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা।
 
গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা। 

বিরতির পর আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। তবে ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তারপর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পিএস

Link copied!