এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৬:২৭ এএম
এমবাপ্পের জোড়া গোলে এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ

বল দখলে আধিপত্য, মুহুর্মুহু আক্রমণ—সবই করল বার্সেলোনা। কিন্তু দিনশেষে জয়োল্লাসটা করল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোর মহারণে বল পায়ে লামিন ইয়ামাল যেখানে নিষ্প্রভ থাকলেন, সেখানে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ৩৬২ পাসের বিপরীতে তারা পাস খেলেছে ৬৪৩টি, যার নির্ভুলতার হার ছিল ৯০ শতাংশ। এমনকি গোলের উদ্দেশ্যে বার্সার ১৬টি শটের (৬টি অন টার্গেট) বিপরীতে রিয়ালের শট ছিল মাত্র ৯টি (৫টি অন টার্গেট)। কিন্তু আক্রমণভাগে লামিন ইয়ামাল প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে না পারায় এবং ফিনিশিংয়ের অভাবে সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৪১তম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে এবং সমতায়ও ফেরে। ৬১তম মিনিটে বার্সার হয়ে গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ১-১ সমতায় ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ম্যাচের প্রায় শেষ মুহূর্তে আবারও রিয়ালের ত্রাতা হয়ে আসেন এমবাপ্পে। ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তিনি। 

এল ক্লাসিকো হারলেও লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। ১০ ম্যাচ শেষে ৯ জয়ে বার্সেলোনার সংগ্রহ ২৭ পয়েন্ট। অন্যদিকে, সমান ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। মাঝে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এম

Link copied!