ছবি : সংগৃহীত
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকেজের বিষয়টি পরীক্ষা করতে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত জানতে পেরেছি পাঁচ শ্রমিক মারা গেছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ রয়েছে। সকাল ১০টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়ে প্রথমে তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরও দুইজন হাসপাতালে মারা গেছে শুনেছি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। গ্যাস লিকেজ হয়ে চারজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। হয়তো হাসপাতালে আরও মারা যেতে পারে।
পিএস







































