• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের এমডিদের ১০০ নম্বরের মূল্যায়ন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:২৩ পিএম
খেলাপি ঋণ কমাতে ব্যাংকের এমডিদের ১০০ নম্বরের মূল্যায়ন

খেলাপি ঋণ কমানোসহ ব্যাংকের আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে নতুন কর্মদক্ষতা মূল্যায়ন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় এখন থেকে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

নতুন এই মূল্যায়ন ব্যবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে। অর্থাৎ কোনো ব্যাংকের খেলাপি ঋণ কতটা কমছে, ঋণ আদায়ে ব্যবস্থাপনা কতটা কার্যকর ভূমিকা রাখছে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কতটা সতর্ক—এসব বিষয় এমডিদের কর্মদক্ষতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন কাঠামো অনুযায়ী, ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কর্মদক্ষতা নির্ধারণে বিভিন্ন সূচক বিবেচনা করা হবে। এর মধ্যে খেলাপি ঋণ কমানো, ঋণ পুনরুদ্ধার, ব্যাংকের মূলধন সক্ষমতা, তারল্য পরিস্থিতি, মুনাফা, সুশাসন এবং নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালনের মতো বিষয় রয়েছে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ যখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক এমন সময়ে এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে এই নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক। 

সংশ্লিষ্টরা মনে করছেন, এতে ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার জবাবদিহি বাড়বে এবং ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্কতা আসবে।
নতুন মূল্যায়ন পদ্ধতিতে শুধু ব্যাংকের মুনাফা বা ব্যবসা সম্প্রসারণকে সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা হবে না। বরং ব্যাংকের সম্পদের মান, ঋণের ঝুঁকি, খেলাপি ঋণের পরিস্থিতি এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ও গুরুত্ব পাবে।

ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ বাড়তে থাকায় কেন্দ্রীয় ব্যাংকের ওপরও ঋণ আদায় ও আর্থিক শৃঙ্খলা ফেরানোর চাপ রয়েছে। এ অবস্থায় ব্যাংকের এমডি ও সিইওদের ব্যক্তিগত কর্মদক্ষতাকে নির্দিষ্ট সূচকের আওতায় এনে মূল্যায়নের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, একটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য অনেকাংশেই নির্ভর করে তার শীর্ষ ব্যবস্থাপনার সিদ্ধান্ত ও নেতৃত্বের ওপর। তাই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যর্থতা, দুর্বল ঋণ ব্যবস্থাপনা কিংবা সুশাসনের ঘাটতি থাকলে তার প্রভাব যেন শুধু ব্যাংকের আর্থিক প্রতিবেদনে সীমাবদ্ধ না থাকে, বরং শীর্ষ নির্বাহীদের কর্মদক্ষতা মূল্যায়নেও প্রতিফলিত হয়—নতুন কাঠামোর মাধ্যমে সেই ব্যবস্থাই জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে ব্যাংকের এমডিদের সামনে এখন নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শুধু মুনাফা নয়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ঋণ আদায়, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত করেও নিজেদের কর্মদক্ষতার প্রমাণ দিতে হবে তাঁদের।

এম

Link copied!