• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০২৬, ০৯:৩৯ এএম
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেয়া ছাত্রীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দেন। একপর্যায়ে তারা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাতের দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে মূল ফটকের সামনে জড়ো হন। পরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশে।

বিক্ষোভ চলাকালে কয়েকজন শিক্ষার্থী কলেজের কয়েকটি গেটের তালা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে মূল ফটকের তালা ভেঙে তারা বাইরে বের হন। এ সময় কলেজের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে আগুন দেয়ার চেষ্টা করা হয়। ব্যানারটিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইডেন কলেজ শাখার সভাপতি পদপ্রত্যাশী তৈয়বা ত্বাহার নাম ছিল বলে জানা গেছে। তবে আগুন দেয়ার চেষ্টা সফল হয়নি।

জানা গেছে, হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। পরে আন্দোলনকারীরা কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রমের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

রাত গভীর পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে বিক্ষোভের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাছির উদ্দীন। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার।

তিনি আরও দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ‘মব’ তৈরির ঘটনা ঘটেছে। তার ভাষ্য, গুপ্ত সংগঠন হিসেবে তিনি যাদের উল্লেখ করেছেন, তাদের কর্মীরাই এসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং পরে সংগঠনটির শীর্ষ পর্যায়ে এসেছে।

এম

Link copied!