পিএলইটি স্টার স্কলার’সহ ৩৩ মেধাবীকে সনদ ও ক্রেস্ট প্রদান

  • লক্ষ্মীপুর প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৪৮ পিএম
পিএলইটি স্টার স্কলার’সহ ৩৩ মেধাবীকে সনদ ও ক্রেস্ট প্রদান

ফাইল ছবি

পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার, (৪ ফেব্রুয়ারি, ২০২৬) লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিআই গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময়, এ কলেজের অধ্যক্ষ মো: আবদুল লতীফের সভাপতিত্বে এবং পিপল’স লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি)-এর চেয়ারম্যান মাওলানা আব্দুজ যহেরের সঞ্চালনায় তিন ক্যাটেগরিতে বৃত্তি প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই বৃত্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য। শিক্ষার মানোন্নয়নে পিএলইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন ট্রাস্টের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দ।" 

অনুষ্ঠানে অধ্যক্ষ, কেন্দ্র সুপারভাইজার ও সমন্বয়কগণ অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ বছর তিন ক্যাটেগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ৯০ শতাংশ বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত সাতজন শিক্ষার্থী ‘পিএলইটি স্টার স্কলার’ হিসেবে নির্বাচিত হন। 

এবারের পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষক, পরিদর্শক ও কেন্দ্র পরিচালনা কমিটি দায়িত্ব পালন করেন। প্রশ্ন প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রক্রিয়াকরণে পিএলইটি নিজস্ব নীতিমালা অনুসরণ করে যা আন্তর্জাতিক মানের বলে জানানো হয়েছে।

এসবিআর

 

Link copied!