ছবি : প্রতিনিধি
বরিশাল:: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি মহল এখনো দেশে মবকে প্রশ্রয় দিতে চায়। এমনকি প্রশাসনের ভেতরেও কেউ কেউ গোপনে মবকে সহায়তা করছে বলে অভিযোগ করেন তিনি। সরকার এসব ব্যক্তিকে চিহ্নিত করবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার এই পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যাবো। আমাদের পরিকল্পনা হলো পশ্চাৎপদ নারীদের ক্ষমতায়ন করা। নারীদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পরিবারের নারী সদস্যই এর মালিক হবেন।
তিনি জানান, বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। চলতি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। এই কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এতে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। দেশের প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে এবং প্রতিটি পরিবারের নারী সদস্য হবেন কার্ডের মালিক।
তথ্যমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বেকারত্ব দূরীকরণ ও নারীর ক্ষমতায়নসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয় যদি গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে না দেওয়া হয়। আমি গণমাধ্যমের অভিভাবক হতে চাই। জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে,বলেন তিনি। সাংবাদিকদের ওয়েজবোর্ড হালনাগাদ করার বিষয়েও তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে সে আহ্বান জানান এবং উভয়ের মধ্যে সমঝোতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার তাগিদ দেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে যেন তাদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে না ওঠে, সে জন্য প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।
ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত ন্যায়ের পক্ষে আন্দোলন বাংলাদেশের মানুষের মূল চেতনা। তিনি আরও বলেন, নির্বাচনই ক্ষমতা দখলের একমাত্র সাংবিধানিক পথ এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে; কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান এবং বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকরা।
অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং ভাষা শহীদদের স্মরণে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
পিএস
আপনার মতামত লিখুন :