ছবি : প্রতিনিধি
লালমনিরহাট: ভিজিএফের চাল নিয়ে লালমনিরহাটে এক চাঞ্চল্যকর দুর্নীতির চেষ্টার অভিযোগ উঠেছে। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নাম ভাঙিয়ে ভিজিএফ চালের ৩০ শতাংশ ভাগ দাবি করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ বলে জানা গেছে।
ভাইরাল হওয়া ওই অডিওতে শোনা যায়, বিএনপি নেতা সবুজ মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব হোসেনকে শাসিয়ে বলছেন, ‘এমপি সাহেবের থার্টি পার্সেন্ট (৩০%) আপনি বুঝিয়ে দিয়েছেন? আমরা কিন্তু বিনা ভোটের না। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? ১০০৩টি টোকেন বুঝিয়ে দেবেন।’ সাবেক সরকারের আমলের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘বিনা ভোটের এমপি যখন ছিল, তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা অতীত ভুলি নাই। সবুজকে চেনা লাগবে না।’
তবে নিজের কণ্ঠ অস্বীকার করে শামসুজ্জামান সবুজ বলেন, ‘এটি আমার কণ্ঠ নয়। ১৭ বছর জনগণের অধিকারের জন্য লড়াই করেছি, এটি একটি গভীর ষড়যন্ত্র।’
এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি ইতোমধ্যে জেলা বিএনপিকে জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্রুতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে এই স্পর্শকাতর বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি বাইরে আছি, যাকে নিয়ে অভিযোগ তার (সবুজ) সঙ্গেই কথা বলেন।’
চালের ভাগ চাওয়া কালীগঞ্জের মদাতী ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব বর্তমানে একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। ফলে তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে অসহায় মানুষের ত্রাণের চাল নিয়ে এমন ‘হিসাব-নিকাশ’ এবং এমপির নাম ভাঙিয়ে ভাগ চাওয়ার ঘটনায় জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছেন।
পিএস
আপনার মতামত লিখুন :