বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে এক কেজি সাতশো গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে এক লক্ষ সত্তুর হাজার টাকা মণ দরে। যার খুচরা মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৭ হাজার টাকা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
আজ শনিবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিস ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন মাছটি ক্রয় করেন।
পাথরঘাটা মৎস্য বন্দরের ইমরান হোসেন জানান, বর্তমানে বাজারে ইলিশের সরবরাহ অত্যন্ত কম। সাগরে মাছ ধরা পড়ছে না বললেই চলে। আজ সকালে বলেশ্বর নদীতে ধরা পড়া এই ইলিশটি তাই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেড়ে গেছে, যার কারণে দামও বেড়েছে কয়েকগুণ। একইসঙ্গে ছোট আকারের জাটকা ইলিশও প্রতি মণ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা আলহাজ্ব জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে বড় ইলিশের চাহিদা থাকায় আমি খোলা ডাকে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছি। ইতোমধ্যে এটি ঢাকায় পাঠানো হয়েছে, সেখানে ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এ ধরনের উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে।
এম
আপনার মতামত লিখুন :