সরকারি ভাতার আশায় কুড়িগ্রামে মসজিদের নাম পরিবর্তন!

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:২০ পিএম
সরকারি ভাতার আশায় কুড়িগ্রামে মসজিদের নাম পরিবর্তন!

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সম্মানী ভাতা প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। ফুলবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদকে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে ভাতা উত্তোলনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভুক্ত মসজিদটির প্রকৃত অবস্থান ফুলবাড়ী ইউনিয়নে হলেও কাগজপত্রে তা ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। অভিযোগকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি জানিয়ে প্রতিকার চেয়েও সন্তোষজনক ফল পাননি।

সরকারি প্রক্রিয়ায় ঈমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরতদের মাসিক সীমিত ভাতা প্রদানের জন্য ঈদ-উল-ফিতর ২০২৬-এর আগে তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে একটি করে জামে মসজিদ নির্বাচনের জন্য তিন সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কমিটির সভাপতি, সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সদস্য হিসেবে থাকেন।

তবে কমিটি ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদকে তালিকাভুক্ত না করে ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে অন্তর্ভুক্ত করেছে। এতে ভাঙ্গামোড়ের ইমাম ও মুয়াজ্জিন সরকারি অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন।

১৭ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা আবুল কাসেম বলেন, “ফুলবাড়ী ইউনিয়নের মসজিদকে ভাঙ্গামোড় দেখিয়ে ভাতা তালিকাভুক্ত করা হয়েছে। আমরা বঞ্চিত। এর প্রতিকার চাই।” মুসল্লিরা দ্রুত তদন্ত ও প্রকৃত প্রাপ্যতা অনুযায়ী ভাঙ্গামোড় মসজিদকে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার রাশেদুল ইসলাম বলেন, মাঠ পর্যায়ের জরিপ অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার বলেন, চিঠি দেখেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি জানান, ফুলবাড়ী উপজেলা থেকে সঠিক তদন্তপূর্বক তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এসএইচ 
 

Link copied!