ইমামের মেয়েকে অপহরণ নাকি প্রেমের বিয়ে, বেরিয়ে এলো সত্যটা

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৩:৫৯ পিএম
ইমামের মেয়েকে অপহরণ নাকি প্রেমের বিয়ে, বেরিয়ে এলো সত্যটা

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে শুরু হওয়া ঘটনায় শেষ পর্যন্ত পুলিশ ওই কিশোরী ও এক তরুণকে উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার শ্রীপুর থানা পুলিশ জানায়, ১৫ বছর বয়সী ওই মাদ্রাসাছাত্রী ও এক তরুণকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। মেয়েটির বাবা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন এসে বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে তার মেয়েকে তুলে নেয়। তবে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি মূলত প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করার ঘটনা। পরে দুই পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিক দফায় বৈঠকও হয়। তবে বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপহরণের যেসব অভিযোগ করা হয়েছে তার প্রাথমিক সত্যতা মেলেনি। প্রাপ্ত তথ্যে এটি প্রেমের সম্পর্ক ও পরবর্তী বিয়ের ঘটনা বলেই ধারণা পাওয়া যাচ্ছে।

স্থানীয় সালিশদারদের একজন জানান, ঘটনার আগেই ছেলে-মেয়ে পালিয়ে যায় এবং পরে সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছিল। তবে কাগজপত্র ও বিয়ের প্রমাণ নিয়ে বিরোধ তৈরি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে পুলিশ বলছে, পুরো ঘটনার পেছনের বাস্তবতা যাচাই করতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 


 

Link copied!