ছবি: প্রতিনিধি
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী-স্ত্রী। এর আগে ১৪ এপ্রিল আশুলিয়ার নরসিংহপুর বিপুল ভিলা মোড় এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটে বলে দাবি তাদের।
ভুক্তভোগীরা জানান, তারা নরসিংহপুর এলাকার বিপুল ভিলায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের অভিযোগ, স্থানীয় মিলন নামের এক দোকানদার ও সমিতির সঙ্গে জড়িত ব্যক্তি তাদের শাশুড়ির নেওয়া সুদের টাকার বিষয়কে কেন্দ্র করে চাপ সৃষ্টি করেন। পরে রাস্তায় ডেকে নিয়ে অপমান, শারীরিকভাবে লাঞ্ছনা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলেও তারা অভিযোগ করেন।
ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং কানের দুল ও গলার চেইন জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। পরে বিষয়টি স্বামীকে জানালে তিনি প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর ও শার্ট ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন তিনি।
স্বামী রাজীব বলেন, তার মায়ের কাছে অভিযুক্ত ব্যক্তি ১০ হাজার টাকা সুদে দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার স্ত্রীকে অপমান ও মারধর করা হয় এবং পরে তাকেও মারধর করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে অভিযুক্ত মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি তার পাওনা টাকা চাইতে গেলে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তিনি মারধর বা শারীরিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে বিষয়টি সামাজিকভাবে আলোচনায় আসে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :