ছবি: প্রতিনিধি
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে নিখোঁজের একদিন পর গরু ব্যবসায়ী কুদ্দুস আলী শেখ (৫৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কুদ্দুস আলী শেখ ওই এলাকার মৃত সুরত আলী শেখের ছেলে। তিনি গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কুদ্দুস আলী কয়েকজনের সঙ্গে একটি ভুট্টাখেতে তাস খেলে জুয়ায় অংশ নিচ্ছিলেন। এ সময় পুলিশ আসছে এমন খবর ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, রাতে স্বামী বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয়রা ভুট্টাখেতের পাশে পুকুরপাড়ে তার মরদেহ দেখতে পান। তার শরীরে পোড়ার মতো দাগ ছিল বলেও তিনি দাবি করেন।
পাবনা সদর থানার পরিদর্শক ফাহাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :