এক দিনে ৪০ লাখ ভিউ, কী আছে এই নাটকে?

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২৬ পিএম
এক দিনে ৪০ লাখ ভিউ, কী আছে এই নাটকে?

ছবি: সংগৃহীত

গ্রামের মধ্যবিত্ত পরিবারের চাপা স্বভাবের মেয়ে রাইসা আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে পার্থ-ভালোবাসার টানে দুই বিপরীত চরিত্রের মিলন ঘিরে নির্মিত নাটক ‘জখম’ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্ষণের প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই ৪০ লাখের বেশি দর্শক দেখেছেন বলে দাবি নির্মাতাদের।

নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকদের মন্তব্যে ভরে উঠেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ একে শক্তিশালী সামাজিক উপস্থাপনা বলে মন্তব্য করেছেন, কেউ আবার ধর্ষণের শিকার নারীর বাস্তব চিত্র তুলে ধরার জন্য নির্মাতাদের প্রশংসা করেছেন। অনেক দর্শক নাটকটিকে সমাজের অন্ধকার দিক উন্মোচনের একটি সাহসী প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

ইমরাউল রাফাত পরিচালিত ‘জখম’ নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব। নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইসরাত অতিথিসহ অনেকে।

পরিচালক জানান, এটি মূলত প্রতিশোধের গল্প, যেখানে সমাজে ধর্ষণের শিকার নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বার্তা তুলে ধরা হয়েছে। তার মতে, স্বল্প সময়ে বিপুল দর্শকপ্রিয়তাই প্রমাণ করে যে গল্পটি দর্শকের মনে দাগ কেটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি ঘিরে এখনো চলছে আলোচনা-সমালোচনা, যা ‘জখম’-কে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত অনলাইন কনটেন্টে পরিণত করেছে।

এসএইচ 

Link copied!