ছবি: প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনে পাবনা-সিরাজগঞ্জ অঞ্চল থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন নারী নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের পক্ষ থেকে ঘোষিত ৩৬ জনের চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরিফা সুলতানা রুমা পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা। তিনি প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টার–এর মেয়ে। রাজনৈতিক জীবনে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রগুলো জানায়, গত দেড় দশকে বিএনপির আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের বাধা, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। ২০১৮ সালে একটি মামলায় কারাভোগও করেন বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, রাজপথের আন্দোলনে ধারাবাহিক সক্রিয়তা ও দলীয় আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তিনি এ মনোনয়ন পেয়েছেন। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় নারী জাগরণে তাঁর ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তাঁরা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফা সুলতানা রুমা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন এবং ভবিষ্যতেও সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করতে চান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :