ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মাহনা এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। সমাবেশে এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি মাহনা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে মাদকের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক দেওয়া হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদকদ্রব্যের প্রতি জনগণের সচেতনতা বৃদ্ধি এবং পাচারকারীদের বিরুদ্ধে একযোগে কাজ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
সমাবেশে যুবদল নেতা সুমন হোসেন বলেন, মাদকদ্রব্য আমাদের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই মাদকবিরোধী আন্দোলনে শামিল হতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়।
মিছিলে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে তারা ঐক্যবদ্ধ। এমন সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে চললে এলাকায় মাদকের ব্যবহার কমবে এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই কর্মসূচির মাধ্যমে রূপগঞ্জের মাহনা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :