মাদকমুক্ত সমাজ গড়তে একজোট নীলফামারী, পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:১৫ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে একজোট নীলফামারী, পুরস্কার পেল ২১ শিক্ষার্থী

ছবি প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একই কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

অন্যান্যের মধ্যে নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন ও অভিভাবক সেকেন্দার আলী বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জনের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত জেলায় ৭১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৩৯টি মামলা দায়ের এবং ৩৪৫ জনকে আসামি করা হয়েছে। এ সময় ১৩ হাজার ৯৩০টি ইয়াবা বড়ি ও ৩৮ কেজি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

এসএইচ 

Link copied!