ছবি : প্রতিনিধি
পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি প্রায় ৫০ ফুট উঁচু বিশাল আকৃতির তালগাছে আগুন লেগে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক বিকেল ৫ টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের তালগাছটিতে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর কোনো সুযোগ পাননি। তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বজ্রপাতের পর মুহূর্তেই তালগাছের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাছটি জ্বলতে থাকে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সাংবাদিক প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, `ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।'
এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত না হলেও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।
পিএস
আপনার মতামত লিখুন :