ছবি : প্রতিনিধি
নাটোর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দিনের লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে, ন্যায় ও অন্যায়ের মধ্যে। চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি যারা করে, তাদেরকে জনগণ যেন ভোট না দেয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে। একটি পক্ষ নতুন করে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এসব অপকর্মে জড়িত ব্যক্তি ও দলকে আগামী নির্বাচনে জনগণ যেন প্রত্যাখ্যান করে।”
তিনি আরও বলেন, “বাবা-দাদা যে দলকে ভোট দিয়েছেন, সেই দলকেই ভোট দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যোগ্য, সৎ ও ন্যায়ের পক্ষে থাকা মানুষকেই ভোট দিতে হবে। খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা যায় না।”
নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “আমরা ভুল করলে জনগণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব।”
সমাবেশে তিনি নাটোর পৌরসভা নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী, জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।
এ সময় দেশের সব মানুষকে দল-মত নির্বিশেষে দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ, সানায়ের তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি ও সানায়ের তুষার বিভিন্ন রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পিএস
আপনার মতামত লিখুন :