পিরোজপুরের মঠবাড়িয়ায় একই রাতে দুই সহোদরের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে সশস্ত্র সাতজনের একটি দল দুই ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দুই ঘর থেকে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ভুক্তভোগী দুই ভাই হলেন জানখালী গ্রামের মো. আনোয়ার হাওলাদারের ছেলে মো. শাহিন হাওলাদার (৪৩) ও মো. সোহেল হাওলাদার (৩৪)।
পরিবার সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সাতজনের একটি সশস্ত্র দল প্রথমে সোহেল এর ঘরের কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতরা সোহেলের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পাশের ঘরে থাকা তাঁর ভাই শাহিন এর বাড়িতে যায়।
সেখানেও কেসি গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
সোহেল এর পরিবারের দাবি, তাঁর ঘর থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট হয়েছে। অপরদিকে শাহিন এর ঘর থেকে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোনসহ আনুমানিক ৮ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।
একই রাতে পাশাপাশি দুই ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম