ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জনি হোসেন (৪০) ও ফিরোজ হোসেন (৩৫) নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন হোসেন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আহত জনি ও ফিরোজ দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সকালে শাহিন হোসেন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে জনি ও ফিরোজ মোটরসাইকেল নিয়ে কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হন। তারা ব্রিজের কাছে পৌঁছালে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে শাহিন মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিল শাহরিয়ার ও ডা. তরুণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএস