এক ভাই বিএনপি, আরেক ভাই গুপ্ত তা চলবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০১:১৮ পিএম
এক ভাই বিএনপি, আরেক ভাই গুপ্ত তা চলবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেছেন, এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এক ভাই করবেন বিএনপি, একভাই করবেন ফ্যাসিস্ট, আরেক ভাই করবেন গুপ্ত তা চলবে না। আমার স্পষ্ট বার্তা আপনারা কিন্তু পার পাবেন না।

মঙ্গলবার সন্ধ্যায় কাউখালীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট, রাজাকার যারা ছিল, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে কোনো আত্মীয়তা থাকলে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে হবে।

তিনি খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের দেশের মা তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন এই ফ্যাসিস্টদের কারণে। সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন সেই দিন শেষ। একদম শেষ।

এ সময় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!