ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, বাবার বিরুদ্ধে ছেলের মামলা

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৮:০৯ পিএম
ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, বাবার বিরুদ্ধে ছেলের মামলা

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে তাঁর বাবার বিরুদ্ধে ভূল্লী থানায় এজাহার দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত লালু দাস (৫০) ঠাকুরগাঁওয়ের কালিবাড়ী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ভূল্লী থানার শবদল এলাকায় বসবাস করেন। অভিযোগকারী তাঁর ছেলে পাপ্পু দাস (২৮)। তিনি পেশায় ঝাড়ুদার। অভিযুক্ত ব্যক্তি তাঁর বাবা।

এজাহারে পাপ্পু দাস উল্লেখ করেন, গত ৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে তিনি ও তাঁর মা ময়না দাস ঝাড়ু দেওয়ার কাজে বালিয়া বাজারে যান। এ সময় বাড়িতে তাঁর বাবা ও স্ত্রী লিমা (২৫) ছিলেন।

অভিযোগে বলা হয়, সকাল আনুমানিক ৮টার দিকে লিমা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পশ্চিম পাশে থাকা টিউবওয়েল পাড়ে গেলে অভিযুক্ত লালু দাস তাঁর পিছু নেন। সেখানে গিয়ে তিনি পেছন থেকে লিমাকে জাপটে ধরে তাঁর পরনের পায়জামা খুলে ফেলেন। লিমা চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্ত তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে লিমা অভিযুক্তের হাতে কামড় দিলে তিনি তাঁকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে পাপ্পু দাস ও তাঁর মা বাড়িতে ফিরে এলে তাঁর স্ত্রী ঘটনাটি তাঁদের জানান। এরপর বিষয়টি স্বজনদের অবহিত করা হয়। পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ভূল্লী থানায় এসে অভিযুক্ত লালু দাসের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।”

পিএস

Link copied!