ছবি: প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বেআইনিভাবে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সারসহ একটি নসিমন আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে 'আমিরুল ইসলাম ট্রেডার্স' নামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারগুলো বালিয়াকান্দির আনন্দ বাজারের সার ব্যবসায়ী আতিয়ারের কাছে বিক্রির জন্য পরিবহন করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা নসিমনটি সারসহ হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর পর সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং 'আমিরুল ইসলাম ট্রেডার্স'কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির নির্দেশ দেন। জব্দ করা ৪০ বস্তা ইউরিয়া সার তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে গোডাউনে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা সারগুলো পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সঠিক নিয়মে এলাকার প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
এসএইচ