ছবি : প্রতিনিধি
রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাইফুল প্রামানিক (২০), ইরান প্রামানিক (২২), নয়ন মোল্লা (২০), মো. রাব্বি হোসেন (২২) ও মো. সুহান শেখ ওরফে সোহান (২৩)। তারা সবাই পাংশা উপজেলার বাগমারা ও মেঘনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের ৫ নম্বর মামলা, জিআর নম্বর ১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১) ও ১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারা তদন্তাধীন রয়েছেন।
ওসি আরও জানান, গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া বিগত সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
পিএস