সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ঝুঁকি নিয়ে ফিরলেন ৫০০ জন

  • চট্রগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ঝুঁকি নিয়ে ফিরলেন ৫০০ জন

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে নিজ খরচে এবং জীবনের ঝুঁকি নিয়ে সার্ভিস বোটে করে দ্বীপে আটকা পড়া ৫০০ জনেরও বেশি পর্যটক টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সেন্টমার্টিন জেটিঘাট থেকে স্থানীয়দের সার্ভিস ট্রলারগুলো ছাড়তে শুরু করে। দুপুর সাড়ে ১২টা নাগাদ ১৩টি ট্রলার যাত্রী নিয়ে শাহ পরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। ঝুঁকিপূর্ণ ট্রলারের বদলে একটি পর্যটকবাহী জাহাজ পাঠালে তাঁদের ফেরা আরও সহজ ও নিরাপদ হতো বলে মন্তব্য করেছেন ভুক্তভোগী পর্যটকেরা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে ইচ্ছুক সাড়ে পাঁচ শতাধিক স্থানীয় ও পর্যটককে ১৩টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচশত পর্যটক এবং বাকিরা স্থানীয় বাসিন্দা।

এদিকে বঙ্গোপসাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথগুলোতে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে গত বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নদীয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। তবে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পর্যটকেরা দ্বীপে আটকা পড়েন।

দ্বীপে থাকা পর্যটকেরা জানান, সেখানে স্বাভাবিক চলাফেরা করা গেলেও তাঁদের কাছে পর্যাপ্ত নগদ টাকা নেই। অনেকে মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে জরুরি ভিত্তিতে টাকা এনে খরচ মেটাচ্ছেন। বিপদের দিনে উপজেলা প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে দুঃখ প্রকাশ করেছেন একাধিক পর্যটক। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আটকে পড়া পর্যটকদের পাশে থাকার কথা জানিয়ে সেন্টমার্টিন হোটেল মালিক সমবায় সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, পর্যটকদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেলগুলো বিশেষ ছাড় দিচ্ছে। অনেক হোটেলে ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে এবং কিছু জায়গায় বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি অসুস্থ পর্যটকদের নিরাপদে ফেরত পাঠাতে তাঁরা কাজ করছেন।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুর হান্নান জানান, সাগরে ৩ নম্বর সতর্কসংকেত বলবৎ থাকলেও দ্রুত আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে। আগামীকাল রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করে সোমবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএইচ 

Link copied!