সাভারে তেলের লরি উল্টে আগুন

দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে, একজনের মৃত্যু

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪, ১২:০৩ পিএম
দগ্ধ ৭ জন বার্ন ইনস্টিটিউটে, একজনের মৃত্যু

ঢাকা: সাভারের হেমায়েতপুরে তানজিব কোয়েল ফ্যাক্টরির সামনে একটি তেলের লরি উল্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত সাতজনকে নেওয়া হয়েছে।

আহতরা হলেন- মিম (১০), আল-আমিন (৩৫), নিরানজন (৪৫), মিলন মোল্লা (২২), সাকিব (২৪) ট্রাকের হেলপার, হেলাল (৩০) ট্রাকের ড্রাইভার, নজরুল ইসলাম (৪৫) তরমুজ ব্যবসায়ী। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে নজরুল ইসলাম নামে এক তরমুজ ব্যবসায়ী মারা গেছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। ওই আগুনে পাশের আরও চারটি গাড়ি পুড়ে গেছে। 

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় আগুন নির্বাপণে বেশ বেগ পেতে হয়েছে। ছয়টি ইউনিটের মাধ্যমে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপণ করা হয়।

সাভার ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, ভোরে তেলবাহী লরি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। লরিটি ভোর সাড়ে পাঁচটার দিকে সাভারের জোরপুল এলাকায় পৌঁছায়। ওই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন বানানোর জন্য সড়কের ওপর রাখা বোল্ডারের সঙ্গে ধাক্কা খায় লরিটি। এতে চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি সড়কে উল্টে যায়। 

উল্টে যাওয়ার পরপরই তেলবাহী লরিতে আগুন লেগে যায়। লরির আগুন একই মুখী একটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক ও একটি প্রাইভেট কারে ধরে যায়। 

প্রত্যক্ষদর্শী মো. ইকবাল বলেন, তিনটি গাড়ি প্রায় পাশাপাশি যাচ্ছিল। তেলের গাড়ি ছিল সবার ডান দিকে, মাঝখানে প্রাইভেট কার এবং বাঁ পাশে ছিল তরমুজবাহী ট্রাক। তেলের গাড়ি ধাক্কা খেয়ে উল্টে গেলে ট্রাক, প্রাইভেট কারসহ অন্য গাড়ি আটকে যায়। তেলের গাড়িতে আগুন লাগলে ওই আগুন অন্য গাড়িতেও লাগে। 

এআর

Link copied!