যারা দাঁড়িপাল্লায় ভোট চায় তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল: ফখরুল

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:২১ পিএম
যারা দাঁড়িপাল্লায় ভোট চায় তারা স্বাধীনতার বিরোধীতা করেছিল: ফখরুল

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যারা দাঁড়িপাল্লায় ভোট চাইতে আসছে, তারা বাংলাদেশের ‘স্বাধীনতার বিরোধিতা’ করেছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের পরিকল্পনার ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে।

বিএনপি মহাসচিব বলেন, এমন করে কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে, যেটা দিয়ে কৃষকরা উপকৃত হবেন। স্বাস্থ্য কার্ড দিয়ে আমরা সহজে স্বাস্থ্যসেবা পাবো।

মির্জা ফখরুল বলেন, আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে? যুদ্ধের কথা মনে আছে? আমরা সে সময় পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম। কেউ বাইরে থেকে এসে যুদ্ধ করে দিয়ে যায়নি। আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি। কিন্তু ওই সময় যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে। আপনারাই বলেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল?

বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই। আপনারা যখন আমাকে সমর্থন করেন, তখন আমি সংসদে গিয়ে কাজ করার চেষ্টা করি।

পিএস

Link copied!