ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না: রাকসু ভিপি জাহিদ

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:০৬ পিএম
ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না: রাকসু ভিপি জাহিদ

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ শিবিরের অসংখ্য নেতাকর্মীদের শহীদ করে জালিমরা প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশ থেকে ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু, তারা জানে না আমরা আল্লাহ ও রাসুলের সেনানি। এরপরও আমরা থেমে থাকিনি এবং কখনও থামব না। আমাদের যাত্রা থামার জন্য নয়, আমাদের যাত্রা জান্নাত পর্যন্ত।

তিনি আজ শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী শহর শাখার আয়োজিত র‌্যালী শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা বলেন।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ইনসাফের পক্ষে ভোট দিয়ে প্রমাণ করেছে যে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।

সমাবেশে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ এবং শিবিরের সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী আল-হেলাল একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসএইচ 

 

Link copied!