লালমনিরহাটে মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৫৪ পিএম
লালমনিরহাটে মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে। গত দুই দিনের ধারাবাহিক অভিযানে চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ও ৭ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। শুরুতে হাতীবান্ধা উপজেলার দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা লাল-কালো রঙের ১৫০ সিসি পালসারের কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন নম্বর ছিল না।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ডিবি পুলিশ কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে একটি 'ডিসকভার-১৩৫' বাইক উদ্ধার করা হয়। এরপর লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতারসহ একটি 'হোন্ডা শাইন ১২৫ সিসি' মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তুহিন ইসলাম (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার খাদেমুল ইসলামের ছেলে, সাদেকুল ইসলাম শাওন (৩৬), লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের শাহাদৎ হোসেনের ছেলে, মোঃ শিমুল মিয়া (২৮), কালীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মোঃ হাবিবুর রহমান (২৭), কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে লালমনিরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্রি করছিল। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ চুরি রোধে এই বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

এসএইচ


 

Link copied!