ছবি : প্রতিনিধি
ঢাকা: বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারকে সমর্থন জানাতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। আমরা সবাই সংস্কার চাই তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট।
ফখরুল বলেন, যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।
মির্জা ফখরুল বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।
পিএস
আপনার মতামত লিখুন :