ছবি : প্রতিনিধি
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভোটকেন্দ্রে পুলিশ পরিচয়ে প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরকারি জিএস মডেল স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নির্বাচনী ডিউটি চলাকালীন পুলিশের পোশাক পরিহিত ওই নারী কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়লে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটককৃত নারী একেক সময় একেক নাম-পরিচয় দেওয়ায় তাৎক্ষণিকভাবে তার সঠিক পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, ‘টককৃত নারী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত বলে ধারণা করা হচ্ছে। তিনি একেক সময় একেক পরিচয় দিচ্ছেন। তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা চলছে।’
এই ঘটনার পর কেন্দ্রটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় ভোটগ্রহণ বর্তমানে স্বাভাবিক রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :