হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে আমির হামজা

  • কুষ্টিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০২:১৪ পিএম
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে আমির হামজা

ছবি : প্রতিনিধি

কুষ্টিয়া: কুষ্টিয়াবাসীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে নিজের কার্যক্রম শুরু করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তিনি। নির্বাচনের পর পরই হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন এই নবনির্বাচিত জনপ্রতিনিধি।

সকাল থেকেই মুফতি আমির হামজার নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ এবং আশেপাশের ড্রেন ও ময়লার স্তূপ পরিষ্কারের কাজে নেমে পড়েন। এ সময় তিনি নিজেও ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন।

পরিচ্ছন্নতা অভিযান ও পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম, শহর জামায়াতের আমির এনামুল হক, শহর জামায়াতের সেক্রেটারি শামীম আহমেদসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে হাসপাতাল পরিদর্শন করেন মুফতি আমির হামজা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, হাসপাতালের অনেকগুলো সমস্যা আমি আজ নিজ চোখে দেখলাম। অবকাঠামো উন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে বড় ধরণের বাজেট ও সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন আছে। এই সমস্যাগুলো আমি দ্রুতই জাতীয় সংসদে উপস্থাপন করব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

তিনি আরও বলেন, বড় কিছু কাজের জন্য সময় লাগলেও কিছু সমস্যা আমাদের আয়ত্তের মধ্যেই আছে। সেগুলো সমাধানে আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে অন্তত ন্যূনতম স্বাস্থ্যসম্মত পরিবেশ ও চিকিৎসকের সেবা পায়, সেটিই আমার প্রথম লক্ষ্য।

পিএস

Link copied!