লালমনিরহাট কারাগারে নার্সের প্রেসক্রিপশন বিতর্ক, প্রতিবাদ করায় কারারক্ষীকে বদলি ও শোকজ

  • সজীব আলম কৌশিক, লালমনিরহাট | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:১৫ পিএম
লালমনিরহাট কারাগারে নার্সের প্রেসক্রিপশন বিতর্ক, প্রতিবাদ করায় কারারক্ষীকে বদলি ও শোকজ

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলা কারাগারে বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে ডিপ্লোমা নার্স কর্তৃক চিকিৎসা প্রেসক্রিপশন প্রদানের অভিযোগ উঠেছে। কারারক্ষী খলিলুর রহমান এই অনিয়মের প্রতিবাদ করলে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করে শোকজ নোটিশ জারি করা হয়। এ ঘটনার ফলে কারাগারের ভেতরে উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অসুস্থ বোধ করলে খলিলুর রহমান দায়িত্বে থাকা ডিপ্লোমা নার্স মো. শরিফুল ইসলামের কাছে চিকিৎসা ও ছুটির আবেদন করেন। অভিযোগ রয়েছে, শরিফুল ইসলাম নিজে চিকিৎসক না হওয়া সত্ত্বেও খলিলুরকে ওষুধের নাম লিখে দেন এবং ছুটি দিতে অস্বীকার করেন। পরে খলিলুরের অবস্থার অবনতি হলে জেল সুপার ছুটি দিতে চাইলেও নার্স বাধা দেন। এ ঘটনায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী কারারক্ষী খলিলুর রহমানকে দ্রুত গাইবান্ধা জেলায় বদলি করা হয় এবং শোকজ নোটিশ জারি করা হয়। সহকর্মীরা দাবি করছেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলা এবং নার্সের অন্যায়ের প্রতিবাদ করায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।

কারারক্ষীরা অভিযোগ করেছেন, নার্স শরিফুল ইসলাম কারাগারের প্রশাসনিক ও দৈনন্দিন কাজে অস্বাভাবিক হস্তক্ষেপ করছেন। তার প্রভাব এতটাই যে কেউ তার বিরুদ্ধে কথা বললেই বদলি বা শোকজের শিকার হতে হয়। এ নিয়ে সাধারণ রক্ষীদের মধ্যে ভীতি ও ক্ষোভ বিরাজ করছে।

নার্স শরিফুল ইসলাম সরাসরি কোনো মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন। লালমনিরহাট জেল সুপারও সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। তবে রংপুর বিভাগের ডিআইজি প্রিজন বলেন, "সুস্পষ্ট তথ্য ও অভিযোগ থাকলে গণমাধ্যমে প্রচার করুন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

অনুসন্ধানে আরও জানা গেছে, কারাগারের কিছু কর্মকর্তা অধীনস্থদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং কয়েদিদের খাদ্য ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই ধরনের বিশৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহার কারাগারের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হতে পারে এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানানো হয়েছে।

এসএইচ 
 

Link copied!