গভীর রাতে আগুনে পুড়ল কৃষকের ঘর, গবাদিপশুসহ সর্বস্ব ছাই

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৩ পিএম
 গভীর রাতে আগুনে পুড়ল কৃষকের ঘর, গবাদিপশুসহ সর্বস্ব ছাই

ছবি: প্রতিনিধি

নাটোর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জাকির হোসেন নামের এক কৃষকের বসতবাড়ি ও গবাদিপশুসহ সর্বস্ব পুড়ে গেছে। এতে তাঁর কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের টিনশেড ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস–এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতঘর ও গোয়ালঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন বলেন, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তাঁর চোখের সামনে তিনটি গরু, সাতটি ছাগল, নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, খাটসহ সাতটি টিনশেড ঘর পুড়ে গেছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলে জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, আগুন লাগার পরপরই সবাই মিলে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ তদন্ত করে জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এসএইচ 

Link copied!