নীলফামারীতে মাপে কারচুপি করায় জরিমানা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৩৪ পিএম
নীলফামারীতে মাপে কারচুপি করায় জরিমানা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে গ্রাহকদের তেল কম দেওয়া ও অনুমোদন ছাড়া শিশু খাদ্য তৈরি করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়ানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন।

অভিযানে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকার মুক্তা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অনুমোদন ছাড়া শিশুখাদ্য ‘আইসললি’ উৎপাদনের দায়ে অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেশিনে কারচুপির মাধ্যমে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছিল। এছাড়া অভিজাত গ্রুপ অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়ান বলেন, মাপে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এক হাজার টাকার ডিজেল কিনলে গ্রাহক প্রায় ১২ টাকা কম পাচ্ছিলেন। এভাবে প্রতিদিন ডিজেল বিক্রিতেই এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছিল। অনুমোদন ছাড়া শিশুখাদ্য উৎপাদনের দায়েও জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি আল-আমিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

এসএইচ 

Link copied!