ছবি: প্রতিনিধি
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে ৯ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ‘সচেতন রাজশাহীবাসী’ ভিসিকে অপসারণের জন্য তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। বুধবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, রামেবির স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি ছয়টি প্যাকেজে মোট ৭৭৭ কোটি টাকার অবকাঠামো নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন ভিসি। অভিযোগ উঠেছে, কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে।
জেনিট কর্পোরেশনের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপু দাবি করেন, দরপত্রের মাধ্যমে তাঁকে কাজ দেওয়ার প্রস্তাব দেন ভিসি এবং বিনিময়ে কমিশন চাওয়া হয়। এ বিষয়ে ভিসি অধ্যাপক জাওয়াদুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো কাজ এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো করেনি এবং সব কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভিসির বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। টেন্ডার ছাড়া গাছ কাটা, নামমাত্র মূল্যে বিক্রি এবং বৃহৎ প্রকল্পে কমিশন দাবি—সব বিষয়ে জবাব দিতে হবে। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজশাহী শাখা দ্রুত তদন্ত ও অপসারণের দাবি জানিয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আসলাম-উদ-দৌলা, সালাহউদ্দিন মিন্টু ও ব্যবসায়ী নেতা শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। রাজশাহীতে এই ঘটনা এখন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের প্রয়োজনীয়তা জোরালোভাবে ওঠেছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :