ছাগল আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল চাঁন মিয়ার

  • নড়াইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:২৬ পিএম
ছাগল আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল চাঁন মিয়ার

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আমিনুর রহমান বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান। ছাগল বাঁধার পর সেটি দৌড়ে রেললাইনের ওপর চলে গেলে তিনি দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল নিহতের বাড়িতে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি রেলওয়ের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

এসএইচ 

Link copied!