ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত নেতার নাম নীতিদত্ত চাকমা (৪০)। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সমন্বয়ক ছিলেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই নীতিদত্ত চাকমার মৃত্যু হয়েছে। তার পেটে গুলির আঘাত ছিল এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। স্থানীয়দের মাধ্যমে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ মারমা এ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মেলা কেন্দ্রিক অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
পিএস
আপনার মতামত লিখুন :