গরুর মাংস কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:০৯ পিএম
গরুর মাংস কম দেওয়ার প্রতিবাদ করায় ক্রেতাকে মারধর

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে গরুর মাংস ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় নুরুল ইসলাম নামের এক ক্রেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ঘটনার তিন দিন পর রোববার দুপুরে আহত নুরুল ইসলামের বাবা আব্দুল হক বাদী হয়ে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহত নুরুল ইসলাম উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বাহার নামের এক কসাইয়ের দোকানে মাংস কিনতে যান নুরুল ইসলাম। সেখানে মাংসে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়া হয় এবং ওজনে কম দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ নিয়ে প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাহার, তার ছেলে সাহেদ ও দোকানের কর্মচারীরা নুরুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বাদী আব্দুল হক বলেন, তার ছেলেকে বেদম পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযুক্ত বাহার কসাই ঘটনাটিকে সামান্য হাতাহাতি বলে দাবি করেছেন। তার ভাষ্য, মাংস বিক্রির সময় কিছু চর্বি দেওয়া হয়, এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে এবং তার ছেলে রাগের মাথায় আঘাত করেছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ 

Link copied!