নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেরকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন জানায়, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল বাজারের মেসার্স আশা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আলতাফ শেখের গুদাম থেকে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জ্বালানির পরিমাণ প্রায় ১১ হাজার লিটারের বেশি।
অভিযানকালে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত আলতাফ শেখকে এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া জব্দ করা জ্বালানি তেল সাত দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয় কার্যক্রম তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আপনার মতামত লিখুন :