ছবি: প্রতিনিধি
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের বাধা দেওয়া এবং লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের বিরুদ্ধে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মনোনয়নপত্র ক্রয় ও দাখিলের সময়সূচি নির্ধারণ করা হয় রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময় সমিতি ভবনের সামনে অবস্থান নিয়ে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন একাধিক প্রার্থী।
অভিযোগ অনুযায়ী, রোববার দুপুরে সভাপতি পদে মনোনয়নপত্র নিতে গেলে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট মোসলেম খানকে প্রথমে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি পুনরায় চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে দাবি করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মুন্সি অভিযোগ করে বলেন, সহকারী নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ার মনির নিজেই তাকে মারধর করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই সহকারী নির্বাচন কমিশনার।
স্বতন্ত্র প্রার্থী জয়নব আক্তার অভিযোগ করেন, মনোনয়নপত্র নিতে গেলে বাধার মুখে তিনি ফিরে আসতে বাধ্য হন। তিনি বলেন, বহিরাগতদের নিয়ে এসে তাদের বাধা দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবির বলেন, কাউকে বাধা দেওয়া হয়নি এবং নিয়ম অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হয়েছে।
সহকারী নির্বাচন কমিশনার রুবায়েত আনোয়ার মনির বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল।
এসএইচ
আপনার মতামত লিখুন :