পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার গ্রেপ্তার

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪৫ পিএম
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে পৌর শহরের দক্ষিণ বন্দর গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজেকে ‘ডা. লিয়াকত হোসেন’ পরিচয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন ক্লিনিকে হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা দিয়ে আসছিলেন। তার সন্দেহজনক চিকিৎসা কার্যক্রম ও ভুল প্রেসক্রিপশন নিয়ে স্থানীয় চিকিৎসকদের মধ্যে আগে থেকেই সন্দেহ ছিল।

প্রশাসন সূত্র জানায়, প্রায় এক মাস আগে এক প্রসূতিকে পরীক্ষা করে তিনি ভুলভাবে গর্ভের সন্তান মৃত বলে জানান। পরে অন্য এক চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাফিতে শিশুটি জীবিত ও সুস্থ বলে নিশ্চিত হওয়া গেলে বিষয়টি গুরুত্ব পায়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সৌমিত্র সিনহা বিষয়টি প্রশাসনকে জানান। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন এবং ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করেন। প্রথমে ‘ডা. লিয়াকত হোসেন’, পরে ‘ডা. নুরুল ইসলাম’ এবং শেষে ‘উরিং চাং’ নামে পরিচয় দেন। তার কাছে কোনো জাতীয় পরিচয়পত্র বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। তার আসল নাম সুবাস চন্দ্র মোহন্ত, বাড়ি বগুড়ায়। পরে তিনি ধর্মান্তরিত হয়ে নুরুল হাসান নাম ব্যবহার করছিলেন।

মানুষের জীবন নিয়ে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। প্রশাসন জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ 

Link copied!