ছবি : প্রতিনিধি
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কেঁদেছেন দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তার কান্নার ৯ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার ( ২ মে) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছেন।
জেলা ছাত্রদলের আগের কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা জাহিদ এবারের কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন বলে প্রত্যাশা করছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় কমিটি ঘোষণার পরপরই নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তিনি।
লাইভে জাহিদ দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাকে মূল্যায়ন করা হয়নি এবং নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
দলের নেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব। আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
গণমাধ্যমকে জাহিদ জানান, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।’
২০১৮ সালে হাসান মাহমুদকে সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর নতুন কমিটি আসলেও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটল জাহিদের এই ফেসবুক লাইভের মাধ্যমে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন, আবার কেউ কেউ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পিএস
আপনার মতামত লিখুন :