ছবি : প্রতিনিধি
রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে কাঁচামাল বিক্রিতে অবৈধ (যা স্থায়ীভাবে ‘ঢলন’ নামে পরিচিত) ও অতিরিক্ত ওজন বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন হাজারো কৃষক।
বুধবার (৬ মে) সকাল থেকে উপজেলার রতনদিয়া বাজারে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন তারা।
বাজার সূত্রে জানা গেছে, সকালে কৃষকরা রতনদিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করতে এলে ব্যবসায়ীরা প্রতি মণে ২-৩ কেজি ‘ধলতা’ দাবি করেন। কৃষকরা এই বাড়তি পণ্য দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীরা একজোট হয়ে পেঁয়াজ কেনা বন্ধ করে দেন। এর প্রতিবাদে কৃষকরা বাজারে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনরত কৃষক আতাহার, মমিন, সুজন দাস ও মাইনুদ্দিনসহ উপস্থিত কৃষকরা জানান, বর্তমানে পেঁয়াজের বাজার দর এমনিতেই কম, তার ওপর প্রতি মণে কয়েক কেজি বেশি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আন্দোলন চলবে। এভাবে ঠকতে থাকলে ভবিষ্যতে আমরা কেবল নিজেদের প্রয়োজনটুকু চাষ করব, বাজারে বিক্রির জন্য কোনো বাড়তি ফসল ফলাব না।’
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান, কৃষক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করা হয়েছে। সরকার নির্ধারিত ৪০ কেজিতেই ১ মণ হবে, কোনো অতিরিক্ত ধলতা নেওয়া চলবে না। কৃষি বিভাগ সবসময় কৃষকদের স্বার্থ রক্ষায় কাজ করছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন মুঠোফোনের মাধ্যমে জানান, ‘সচেতনতার জন্য বাজারে মাইকিং করা হয়েছে। আমি নিজে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। কৃষকরা যাতে পণ্যের ন্যায্য দাম পায় এবং তাদের দাবি বাস্তবায়ন হয়, সেজন্য প্রশাসন থেকে আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি নিরসনে আমরা দ্রুতই পুনরায় উভয় পক্ষকে নিয়ে বসব।’
পিএস
আপনার মতামত লিখুন :