পিরোজপুরে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:৫২ পিএম
পিরোজপুরে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

ছবি : প্রতিনিধি

পিরোজপুর:‎ পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মন্দিরের পূজারি ঠাকুর পংকজ তাওয়ারি।

সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। 

সংশ্লিষ্টরা জানান, শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে থাকা শিবঠাকুরের মূর্তি ভাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মন্দিরে থাকা প্রণামীর প্রায় ২ থেকে ৩ হাজার টাকা চুরি হয়েছে। এছাড়া সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ‎এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

মন্দিরের পুরোহিত ঠাকুর পংকজ কাওয়ারী বলেন, মন্দিরের কাপড় গুলো পুড়িয়ে দেয়া হয়েছে এবং কাসা-পিতালের থাল, গ্লাসসহ যাবতীয় মালামাল গুলো নিয়ে গেছে। আমাদের এ মন্দিরের কার্যক্রম আবারও ঠিকভাবে পরিচালনা যেন করতে পারি সে জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।
 
পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন শ্মশান প্রাঙ্গণের কালী মন্দিরে সাথে থাকা শিবঠাকুরের মূর্তি ভাংচুর করা হয়েছে। এছাড়া ভাঙা প্রতিমা বাইরে এনে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শ্মশানের প্রধান ফটকও ভাংচুর করা হয়েছে। সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারনা করছি মন্দিরে থাকা টাকা ও মালামাল চুরির জন্য দুর্বৃত্তরা এসেছে। তবে এছাড়া অন্য কোন কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলমান রয়েছে।

এছাড়াও এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন ও জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদসহ অনেকে।

এদিকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বিকাল ৪ টায় পুলিশ সুপার কার্যালয়ে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, ভোর রাতে পিরোজপুর পৌর শশ্মান মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।
পিরোজপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করে আসছেন। কিন্তু এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

তিনি আরও বলেন, আমরা পিরোজপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি এবং জেলার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছি। একই সঙ্গে আমরা দাবি জানিয়েছি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

পুলিশ সুপার আমাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস করি, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

পিএস

Link copied!