রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির টহল জোরদার

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:১১ পিএম
রৌমারী সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির টহল জোরদার

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি।

আজ রোববার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্তে নিয়ে আসা হয়। অনুপ্রবেশে ব্যর্থ হয়ে তারা বর্তমানে সীমান্ত রেখার ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের জন্য নিয়ে আসা ওই ৯ জনের মধ্যে শিশু ও নারী রয়েছেন। ঘটনাটি সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

খবর পেয়ে বিজিবি গয়টাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। সম্ভাব্য পুশইন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।

গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এসএইচ

Link copied!